বিচারিক দায়িত্ব থেকে সরানো হলো বিচারপতি আব্দুল মান্নানকে


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। অফিসিয়াল কোনো নোটিশও জারি হয়নি।

সম্প্রতি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্টের ৬৩টি বেঞ্চ পুনর্গঠন করেছেন, তবে এগুলোর কোনোটিতেই বিচারপতি আব্দুল মান্নানকে অন্তর্ভুক্ত করা হয়নি।

এর মাধ্যমে তাকে কার্যত বিচারিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে বলে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন।

জানা গেছে, একটি অনুষ্ঠানে বিচারপতি আব্দুল মান্নানের অশোভন আচরণের অভিযোগ সংবলিত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এই পদক্ষেপ নিয়ে থাকতে পারেন।

গত ৩ এপ্রিল কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে বিচারপতি আব্দুল মান্নান অশোভন আচরণ করেন বলে অভিযোগ ওঠে। তিনি নিজের বিচারক পরিচয় দিয়ে হুমকি দেন এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দীর্ঘ ছুটির পর আদালত নিয়মিত কার্যক্রম শুরু করলে ১৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া প্রধান বিচারপতির পুনর্গঠিত ৬৩টি হাইকোর্ট বেঞ্চের কোনোটিতেই বিচারপতি আব্দুল মান্নানকে অন্তর্ভুক্ত করা হয়নি।

বিচারপতি আব্দুল মান্নান ১৯৯৪ সালের ২৫ এপ্রিল ১৩তম বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) মাধ্যমে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগ দেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ৯ অক্টোবর তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পরে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে স্থায়ীকরণ করা হয়।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *