সংবিধান নিয়ে তানভীর মোকাম্মেলের ‘একটি অনন্য গ্রন্থের জন্ম’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত


রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল নির্মিত প্রামাণ্যচিত্র ‘একটি অনন্য গ্রন্থের জন্ম’ (Birth of a Unique Book)-এর প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ‘আইনের কথা’ সংগঠনের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে দেশের বিশিষ্ট আইনজ্ঞ, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রামাণ্যচিত্রটির নির্মাতা তানভীর মোকাম্মেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম ড. কামাল হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান, বিচারপতি মো. আশরাফুল কামাল, অর্থনীতিবিদ এম. এম. আকাশ, মানবাধিকার ব্যক্তিত্ব হামিদা হোসেন, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব খুশি কবির, মেঘনা গুহঠাকুরতা ও আইনজীবী সারা হোসেনসহ আরও অনেকে। হলভর্তি দর্শক গভীর আগ্রহের সঙ্গে প্রামাণ্যচিত্রটি উপভোগ করেন।

১ ঘণ্টা ২৮ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটিতে বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের জন্ম, ঐতিহাসিক পটভূমি, প্রণয়নপ্রক্রিয়া, মূলনীতি এবং পরবর্তী বিভিন্ন সাংবিধানিক সংশোধনীর ইতিহাস তুলে ধরা হয়েছে।

স্বাধীন বাংলাদেশের সংবিধান কীভাবে রচিত হয়েছিল, এর পেছনে কী ধরনের রাজনৈতিক ও ঐতিহাসিক সংগ্রাম কাজ করেছে এবং পরবর্তী সময়ে সংবিধানে কী ধরনের পরিবর্তন এসেছে—এসব বিষয় প্রামাণ্যচিত্রটিতে আলোচিত হয়েছে।

‘একটি অনন্য গ্রন্থের জন্ম’ প্রামাণ্যচিত্রটির গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল। এতে কণ্ঠ দিয়েছেন সংগীতা চৌধুরী। আবহসংগীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু এবং সম্পাদনা করেছেন ওয়াসিউদ্দীন আহমেদ। চিত্রগ্রহণে ছিলেন আনোয়ার হোসেন, রাকিবুল হাসান ও সানু মানিক।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *