দেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা : অ্যাটর্নি জেনারেল


ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডেস্ক: ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফলাফল প্রকাশের পর ২০০ জন সিভিল জজ নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী বিজেএস পরীক্ষার কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

সুপারিশপ্রাপ্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, অবশিষ্ট আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নবনিযুক্ত বিচারকরা অতি শিগগিরই বিচারকার্যে যোগদান করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তাঁদের প্রতি প্রত্যাশা থাকবে—সততা, ন্যায়নিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে বিচারিক দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, বাংলাদেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন চাহিদাকৃত ১০০ জনের পরিবর্তে ২০০ জন সিভিল জজ নিয়োগের জন্য সুপারিশ করেছে।

একই সঙ্গে পরবর্তী বিজেএস পরীক্ষার কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তাঁর আশা, অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে ১৯তম বিজেএসের কার্যক্রম শুরু হবে এবং এবারও অধিক সংখ্যক বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল হিসেবে পদাধিকারবলে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের একজন সদস্য। বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি, বিচারকের স্বল্পতা দূরীকরণ এবং জনগণের জন্য দ্রুত ও দক্ষ বিচারসেবা নিশ্চিত করার এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কাজ করার সুযোগ পাওয়া তাঁর জন্য একই সঙ্গে দায়িত্ব ও গৌরবের বিষয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ধারাবাহিক, দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বিচারকের স্বল্পতা ক্রমান্বয়ে দূর হবে। একই সঙ্গে একটি দক্ষ, ন্যায়নিষ্ঠ, জনবান্ধব ও মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম বিচারব্যবস্থা গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *