আদালতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ


চট্টগ্রামে আদালতে জামিন শুনানির সময় অসংলগ্ন কথা বলা ও অস্বাভাবিক আচরণের অভিযোগে আইনজীবী শাহেদুল হকের ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন আদালত। গত বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ নির্দেশ দেন। পরদিন বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হালিশহর থানার একটি নালিশি মামলার আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী শাহেদুল হক। তবে শুনানি শুরু করেন বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী।

এ সময় আদালত জানতে চান, বাদীপক্ষের আইনজীবী আসামির জামিনের শুনানি করতে পারেন কি না। জবাবে শ্যামলী চৌধুরী আদালতকে বলেন, আসামির আইনজীবী শাহেদুল হক আদালতে আসতে চাইছেন না। তাই তিনি জামিনের শুনানি করতে চান। একই সঙ্গে আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

পরে আদালত বলেন, জামিনের শুনানিতে আসামির আইনজীবীর উপস্থিতি প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকেল ৪টা ২৫ মিনিটে শাহেদুল হক আদালতে প্রবেশ করেন।

আদালতের আদেশে বলা হয়েছে, শুনানির সময় আইনজীবী শাহেদুল হক অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। তিনি বলেন, “আসামি ভুল করেছে আর ভুল করবে না। আদালতের নিকট জামিন চাই।”

আদেশে বিচারক উল্লেখ করেন, বাদীপক্ষ আসামির জামিনে অনাপত্তি দিয়েছে—এ বিষয়টি স্বাভাবিকভাবে বলার কথা। কিন্তু শুনানির সময় শাহেদুল হকের কথা জড়িয়ে যাচ্ছিল এবং তাঁর পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না।

এ অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। এরপর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন বলেন, আদালত একজন আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন। তবে এখনো তাঁরা এ বিষয়ে কোনো প্রতিবেদন পাননি।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *