আইনজীবীর নিকট থেকে অর্থ গ্রহণ: বার কাউন্সিলের অফিস সহায়ক সাময়িক বরখাস্ত


বাংলাদেশ বার কাউন্সিলে নিম্ন আদালতের সাময়িক সনদ বিতরণ কার্যক্রম চলাকালীন জনৈক আইনজীবীর নিকট থেকে অবৈধভাবে অর্থ বা উৎকোচ গ্রহণ করার অভিযোগে মো. রাব্বিল মিয়া নামের এক অফিস সহায়ককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১১ মে) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়।

বার কাউন্সিলের প্রশাসনিক আদেশে উল্লেখ করা হয়েছে, ১১ মে সোমবার হাইকোর্ট পারমিশন মৌখিক পরীক্ষার জন্য নিম্ন আদালতের সাময়িক সনদ বিতরণ ও উত্তোলন কার্যক্রম চলছিল। ওই সময় দ্রুত সময়ে সনদের কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস প্রদান করে জনৈক আইনজীবীর নিকট থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করেন রাব্বিল মিয়া, যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। এই কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ, দায়িত্ব ও কর্তব্যে অবহেলা এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মর্যাদার পরিপন্থি হিসেবে গণ্য করেছে বার কাউন্সিল কর্তৃপক্ষ।

আদেশে জানানো হয়, বার কাউন্সিলের চেয়ারম্যান মহোদয়ের সদয় নির্দেশনার আলোকে ১১ মে তারিখ থেকেই মো. রাব্বিল মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে, গুরুতর এই অনিয়মের কারণে কেন তাঁকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ প্রদান করা হয়েছে।

সাময়িক বরখাস্ত থাকাকালীন বিধি মোতাবেক তিনি মূল বেতনের অর্ধেক খোরাকি ভাতা (Subsistence Allowance) প্রাপ্য হবেন। বার কাউন্সিলের সেকশন-১ (সুপ্রীম কোর্ট, ঢাকা এ্যান্ড ঢাকা মেট্রো বার) শাখায় কর্মরত এই কর্মচারীর বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে সংস্থাটির স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষের আপসহীন অবস্থানের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আদেশের অনুলিপি সদয় অবগতির জন্য বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, অতিরিক্ত পরিচালক (হিসাব) এবং উপ-পরিচালকসহ (প্রশাসন ও সেকশন-১) সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট প্রেরণ করা হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *