‘সমসুযোগ নেই’ অভিযোগে এক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (২০২৬-২০২৭) নির্বাচনে সদস্য পদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন (রিগান)।

রোববার (৩ মে) প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহারের এই সিদ্ধান্ত জানান।

মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনে অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন উল্লেখ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলমত নির্বিশেষে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক সকল সাধারণ সদস্যের আইনজীবী সমিতি নির্বাচনে প্রার্থী হওয়া একটি আইনগত অধিকার।

তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান নির্বাচনী পরিবেশে সাধারণ সদস্যদের অংশগ্রহণের ক্ষেত্রে ‘সমসুযোগ’ নিশ্চিত করা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

আবেদনে তিনি আরও বলেন, “নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক সাধারণ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতার সমান সুযোগ না দেওয়ায় এই ধরনের প্রতিদ্বন্দ্বীতাহীন নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা আমার নেই। সেই লক্ষ্যেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।”

অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন সুপ্রিম কোর্টের একজন পরিচিত মুখ এবং তিনি বিভিন্ন সামাজিক ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয়। নির্বাচনী প্রক্রিয়ায় সাধারণ আইনজীবীদের অধিকার খর্ব হওয়ার অভিযোগ তুলে তার এই সরে দাঁড়ানো আইনজীবী মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, এবারের বার নির্বাচন নিয়ে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বাতিল এবং অংশগ্রহণ নিয়ে বেশ কিছু বিতর্ক চলমান রয়েছে।

সালাহ উদ্দিনের এই আবেদনপত্রটি ইতোমধ্যে নির্বাচন কমিশনারের কার্যালয় গ্রহণ করেছে। এর মাধ্যমে আসন্ন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সদস্য পদের লড়াইয়ে প্রার্থীর সংখ্যা একজন কমলো।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *