হাম টিকা দুর্নীতি অভিযোগে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে আবেদন


হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়েছে, সম্প্রতি সারাদেশে হামের প্রাদুর্ভাবে প্রায় শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আবেদনকারীদের মারাত্মকভাবে ব্যথিত, উদ্বিগ্ন ও চিন্তিত করেছে। সরকারিভাবে শিশুদের হামসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে সৃষ্ট হামের প্রকোপ বৃদ্ধি ও শিশুমৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

আরও পড়ুন : মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে সাবেক কমিশনারদের খোলা চিঠি: ভুল তথ্য ও বাস্তবতা

আবেদনে আরও বলা হয়, হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের দায় রয়েছে বলে সাধারণ নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় মতামত ব্যক্ত করেছেন। এছাড়াও বর্তমান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামের টিকা এবং সিরিঞ্জের অভাবকে পূর্ববর্তী সরকারের সৃষ্ট সমস্যা বলে মন্তব্য করছে।

বিগত অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়ের পদ্ধতিতে কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনে বলে আবেদনে উল্লেখ করা হয়। স্বাস্থ্য খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও তারা সময়মতো হামসহ অন্যান্য রোগের টিকা ক্রয় এবং শিশুদের টিকা প্রদান করতে ব্যর্থ হয়। ফলে বর্তমানে হামের প্রকোপ বেড়ে মহামারি আকার ধারণ করেছে। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, ইতোমধ্যে শতাধিক শিশু মারা গেছে এবং হাজার হাজার শিশু দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, টিকা ক্রয়ে নতুন পদ্ধতি গ্রহণ, সময়মতো প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ ক্রয় না করা এবং এ বিষয়ে তথ্য প্রকাশ না করা দুর্নীতি ও অনিয়মের ইঙ্গিত দেয়। বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় ইতোমধ্যে স্বাস্থ্য খাতে টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়মের তথ্য প্রকাশিত হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য খাতে সাবেক অন্তর্বর্তী সরকারের মারাত্মক দুর্নীতি ও অর্থ আত্মসাতের সম্ভাবনার কথা উল্লেখ করে বলা হয়, দেশের স্বাস্থ্য ও অর্থ খাত রক্ষা এবং শিশুদের জীবন রক্ষায় জনস্বার্থে বিষয়টি তদন্ত করা জরুরি। এ প্রেক্ষিতে টিকা ও সিরিঞ্জ ক্রয় এবং সরবরাহ প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের কোনো অনিয়ম বা দুর্নীতি রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *