প্রবাসীদের পাসপোর্ট নিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ


কোর্ট রিপোর্টার, ঢাকা | বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের নতুন পাসপোর্ট প্রদান এবং পাসপোর্ট নবায়নের ঝুলে থাকা আবেদনসমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ প্রদান করেছেন মহামান্য হাইকোর্ট।

আজ রোববার (২ আগস্ট ২০২৬) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন।

প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ও যথাসময়ে পাসপোর্ট না পাওয়ার বিষয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ যুক্ত করে জনস্বার্থে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি)-এর পক্ষে এই রিট পিটিশনটি দায়ের করা হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও এইচআরপিবির সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

শুনানি শেষে আদালত প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় একাধিক অন্তর্বর্তীকালীন নির্দেশনা প্রদান করেন।

হাইকোর্টের নির্দেশনা ও সময়সীমা

এইচআরপিবির আইনজীবী মনজিল মোরসেদ আদালতের আদেশ ব্যাখ্যা করে জানান, হাইকোর্ট প্রবাসীদের কষ্ট লাঘবে তিনটি প্রধান বিষয়ে সুনির্দিষ্ট আদেশ ও সময়সীমা বেঁধে দিয়েছেন:

  • ৬০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি: পাসপোর্ট কর্তৃপক্ষকে প্রবাসীদের যে সকল নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন (Pending) অবস্থায় পড়ে রয়েছে, তা আগামী ৬০ দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আদালতের এই নির্দেশের বাস্তবায়ন বিষয়ে আগামী ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন (Progress Report) দাখিল করতে বলা হয়েছে।

  • পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ২১ দিনের ডেডলাইন: পররাষ্ট্র মন্ত্রণালযকে আগামী ২১ দিনের মধ্যে এক বিশেষ পরিপত্র বা চিঠি ইস্যু করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর মাধ্যমে বিশ্বজুড়ে থাকা বাংলাদেশের বিভিন্ন হাই কমিশন ও নির্দেশিত এম্বেসিগুলোকে (Embassy) প্রবাসীদের দাখিলকৃত নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদনগুলো দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকায় মূল পাসপোর্ট অফিসে প্রেরণের নির্দেশ দিতে বলা হয়েছে। এই নির্দেশনার বাস্তবায়ন প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে।

  • চার সপ্তাহের রুল জারি: প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্ট প্রশাসনের চরম নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং বেআইনি ঘোষণা করা হবে না; এবং প্রবাসীদের জমা পড়া সকল আবেদন অবিলম্বে নিষ্পত্তির সুনির্দিষ্ট নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে ০৪ (চার) সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।

মানবাধিকার সংগঠন এইচআরপিবির (HRPB) পক্ষে হাইকোর্টে এই জনস্বার্থমূলক রিট পিটিশনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী— অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট রিপন বাড়ৈ এবং অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম।

মামলায় কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)-সহ মোট ১৪ জনকে বিবাদী (Respondent) করা হয়েছে।

আইনজীবীরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা সঠিক সময়ে পাসপোর্ট না পাওয়ার কারণে ভিসা নবায়ন, কর্মসংস্থান ও আইনগত জটিলতায় চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। হাইকোর্টের এই আদেশের ফলে প্রবাসী শ্রমিক ও নাগরিকদের ভোগান্তি দ্রুত নিরসন হবে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *