সাব-কমিটি পুনর্গঠনের দাবি সম্পাদক পদপ্রার্থীর


বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের আসন্ন নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন সাব-কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (NLA) সমর্থিত সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট এস. এম. আজমল হোসেন বুধবার (৬ মে) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও সভাপতির কাছে এই আবেদন জমা দেন।

আবেদনে উল্লেখ করা হয়, আসন্ন নির্বাচন পরিচালনার জন্য গঠিত ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন সাব-কমিটিতে সকল সংশ্লিষ্ট প্যানেল বা অংশীজনের ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। বিশেষত, এনসিপি সমর্থিত প্যানেল ‘ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স’ (NLA) থেকে কোনো প্রতিনিধি উক্ত সাব-কমিটিতে রাখা হয়নি। ফলে নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে সাধারণ আইনজীবীদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হচ্ছে।

সম্পাদক পদপ্রার্থী এস. এম. আজমল হোসেন তাঁর চিঠিতে উল্লেখ করেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে শুধু নিরপেক্ষতা থাকাই যথেষ্ট নয়; বরং সেই নিরপেক্ষতা দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য হওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ। কোনো নির্দিষ্ট প্যানেল বা গোষ্ঠী যদি নিজেদের বঞ্চিত বা প্রতিনিধিত্বহীন মনে করে, তবে নির্বাচনের গণতান্ত্রিক সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়। তাই নির্বাচনকে বিতর্কমুক্ত করতে সকল প্রধান প্রতিদ্বন্দ্বী পক্ষের প্রতিনিধি বা পর্যবেক্ষণমূলক অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।

আবেদনে বর্তমান নির্বাচন সাব-কমিটি পুনর্বিবেচনা ও পুনর্গঠন করে এনএলএ-র মনোনীত সদস্য অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি পুনর্গঠিত সাব-কমিটির কার্যপরিধি, ভোট গ্রহণ ও গণনা, ব্যালট ব্যবস্থাপনা এবং পোলিং এজেন্টদের ভূমিকার বিষয়ে লিখিত নির্দেশনা প্রকাশেরও অনুরোধ জানানো হয়েছে। যাতে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত বিতর্কের সৃষ্টি না হয়।

সুপ্রিম কোর্ট বারের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও ঐক্য রক্ষায় এই বিষয়ে জরুরি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বার কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ জানিয়েছেন এই আইনজীবী নেতা।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *