১১ আইনজীবীর জামিন, একজন জেলহাজতে


বরিশালে আদালতের এজলাস ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানসহ ১১ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে মামলার অপর আসামি মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বেলা পৌনে তিনটার দিকে শুনানি শেষে এ আদেশ দেন দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম।

দ্রুত বিচার আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিরা আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে ১২ জন আইনজীবীর মধ্যে ১১ জনকে ২০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়।

মামলার ৬ নম্বর আসামি মিজানুর রহমানের জামিন আবেদন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী কে এম জুবায়ের বলেন, আদালত সবকিছু বিশ্লেষণ করে একজন ছাড়া বাকিদের জামিন দিয়েছেন। তিনি জানান, মামলার প্রধান আসামি জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। বাকি ১১ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

আলোচিত এ মামলার জামিন শুনানি উপলক্ষে বরিশাল জেলা জজ আদালত প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে আদালত এলাকায় সতর্ক অবস্থানে দেখা যায়।

গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়াকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। একই দিন প্রধান আসামি সাদিকুর রহমানকে আদালত এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *