মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্যের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, আদালতের সমন


প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্ট।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।

বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদী তার অভিযোগে উল্লেখ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি আসনে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান করে আসছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা, মানহানিকর বক্তব্য ও হুমকি প্রদান করে আসছেন।

সর্বশেষ গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাদী দেখেন যে নাসীরুদ্দীন পাটওয়ারীর মানহানিকর বক্তব্য কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে হুবহু প্রকাশিত হয়েছে।

বাদী উল্লেখ করেন, ‘বাংলাদেশের ক্রিমিনাল র‌্যাঙ্কে নাম্বার ওয়ান গডফাদার’ মির্জা আব্বাসের বিরুদ্ধে এই বক্তব্য অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়ায় মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, আসামির এসব বক্তব্য ফেসবুকে দেখে বাদী ও মির্জা আব্বাস বিস্মিত হয়েছেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ নাসীরুদ্দীন পাটওয়ারীর এসব বক্তব্য দেখেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে একের পর এক বাদী ও মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য মিথ্যা, বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন, যা সব প্রকার শিষ্টাচার ও সভ্যতার রীতিনীতি বহির্ভূত এবং মানহানিকর।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *