নাটোরের বড়াইগ্রামে বাল্যবিয়ের দায়ে বর কারাগারে, কনের বাবাকে জরিমানা


নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্যবিয়ে করার অপরাধে বিয়ে করে নববধূ নিয়ে ফেরার পথে বরকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে পৃথক অভিযানে আরেকটি বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ফুলবতী গ্রামে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ের দায়ে বর রতন সরদার (২৬)-কে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ ছাড়া একই দিন বেলা ১১টার দিকে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কুমরুল গ্রামে ১৬ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করায় কনের বাবা আব্দুর রশিদ (৫০)-কে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উভয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবতী গ্রামে বাল্যবিয়ে সম্পন্ন করার পর বর রতন সরদার ১৪ বছর বয়সী কনেকে নিয়ে কনের বাড়ি থেকে রওনা দেওয়ার সময় আকস্মিকভাবে সেখানে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। এ সময় পরিস্থিতি বুঝতে পেরে বর ও কনেকে রেখে তাদের অভিভাবকেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর রতন সরদারকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বালিকাবধূকে উপস্থিত স্বজনদের কাছে মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হয়। দণ্ডপ্রাপ্ত রতন সরদার বড়াইগ্রাম পৌরশহরের লক্ষীকোল এলাকার বাসিন্দা এবং ইদ্রিস সরদারের ছেলে।

অন্যদিকে, একই দিন উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কুমরুল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। এ সময় ১৬ বছর বয়সী কন্যার বিয়ের আয়োজনের দায়ে কনের বাবা আব্দুর রশিদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক এ জে মিন্টু জানান, দণ্ডপ্রাপ্ত রতন সরদারকে রাতেই নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর বলেন, সরকার বাল্যবিয়ে প্রতিরোধে বদ্ধপরিকর। বাল্যবিয়ের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রচলিত আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধে অভিযান অব্যাহত থাকবে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *