নবাবগঞ্জের পিংকু হত্যা মামলা, তদবিরের অভিযোগে রায় পিছিয়েছে ট্রাইব্যুনাল


নবাবগঞ্জের ব্যবসায়ী গোলাপ হোসেন পিংকু হত্যা মামলার রায় ঘোষণার দিন আসামিপক্ষের বিরুদ্ধে তদবিরের অভিযোগ তুলেছেন বিচারক। এ কারণে নির্ধারিত দিনে রায় না দিয়ে আগামী ৩১ মার্চ নতুন তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৪ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলামের আদালতে মামলাটি রায়ের জন্য ছিল।

এজলাসে বিচারক জানান, আসামিপক্ষ বিভিন্নভাবে তার কাছে তদবির করেছে। এ কারণে তিনি আজ রায় ঘোষণা করবেন না বলে জানান।

বাদীপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় প্রস্তুত ছিল। তবে তদবিরের অভিযোগের কথা উল্লেখ করে বিচারক নতুন তারিখ দিয়েছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন—অ্যাডভোকেট মতিউর রহমান ওরফে মতি, তার বোন মরিয়ম বেগম, লুৎফর, মোখলেছ, চান মিয়া ওরফে জাহিদ, মেরী, আনিছ মাস্টার, বাবুল, সিরাজ, আমির, এনামুল করিম শাহীন, আমানুর, সাইজউদ্দিন, শফিকুল, হযরত, রিংকু, শরিফ, আওলাদ, কাদের, নেকবর, হাফিজ উদ্দিন ও শিবলু। এদের মধ্যে হযরত, রিংকু ও সিরাজ পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ মার্চ বিকালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা এলাকায় গোলাপ হোসেন পিংকুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তার ছোট ভাই মো. এরশাদ নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে একই বছরের ৯ সেপ্টেম্বর ২২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. আরাফাত হোসেন। ২০১৯ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

বিচার চলাকালে ৩২ জন সাক্ষীর মধ্যে ২৮ জন সাক্ষ্য দেন। আসামিপক্ষে দুই জন সাফাই সাক্ষ্য দেন। আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করেছিল।

সূত্র : বাংলা ট্রিবিউন



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *