দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের পদত্যাগ, দুই কমিশনারও সরে দাঁড়ালেন
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে সংস্থাটির দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা আড়াইটার পর দুর্নীতি দমন কমিশন এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এর দিকে যেতে দেখা যায়। এ সময় তার হাতে একটি কাগজ ছিল।
একই সময়ে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজীও মন্ত্রিপরিষদ বিভাগের দিকে যান। অল্প কিছুক্ষণ পর বেলা পৌনে তিনটার দিকে তারা সেখান থেকে বের হয়ে আসেন।
গাড়িতে ওঠার সময় চেয়ারম্যান আবদুল মোমেনের কাছে তার পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
পরে কমিশনার আলি আকবার আজিজীর কাছে জানতে চাইলে তিনি তিনজনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। গাড়িতে ওঠার সময় তিনি তার বহনকারী গাড়ি থেকে দুদকের পতাকা নামানো দেখিয়ে বলেন, “এই যে আমি ফ্ল্যাগ ডাউন করে দিয়েছি।”
তিন শীর্ষ কর্মকর্তার একযোগে পদত্যাগে দুদকের প্রশাসনিক কাঠামো ও চলমান কার্যক্রমে কী প্রভাব পড়বে, তা নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কারণ এখনো জানানো হয়নি।
Source link
tags]
Leave a Reply