গণভোট অধ্যাদেশ বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


সদ্যসমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটির কার্যকারিতা শেষ হওয়ায় তা বিল আকারে সংসদে পাস করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোট অধ্যাদেশের ব্যবহার ইতোমধ্যেই শেষ হয়েছে এবং এর অধীনে ভবিষ্যতে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। ফলে এটিকে পুনরায় অনুমোদন করে বিল আকারে আইনে পরিণত করার প্রয়োজনীয়তা নেই।

বিশেষ কমিটির বৈঠক প্রসঙ্গে তিনি জানান, মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অনেকগুলো বর্তমান অবস্থায়ই পাস করার সিদ্ধান্ত হয়েছে, আর কিছু অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উপস্থাপন করা হবে। আগামী ২ এপ্রিল বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানান, গণভোট, মানবাধিকার কমিশন এবং বিচারবিভাগ পৃথকীকরণসহ অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের পক্ষ থেকে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত প্রদান করা হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *