কর্ণফুলী নদীর জায়গা লিজ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল


আদালতের নির্দেশ অমান্য করে কর্ণফুলী নদীর জায়গা লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিটকারী আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, কর্ণফুলী নদী রক্ষায় দায়ের করা জনস্বার্থ মামলায় এর আগে হাইকোর্ট একাধিক রায়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ওইসব রায়ে জরিপ অনুসারে কর্ণফুলী নদীর প্রকৃত সীমানা নির্ধারণ করে নদী রক্ষার কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

তবে এসব নির্দেশনা অমান্য করে জরিপে নদী হিসেবে চিহ্নিত কর্ণফুলী নদীর অংশবিশেষ চট্টগ্রাম সিটি করপোরেশনকে লিজ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে চট্টগ্রাম পোর্ট অথরিটি।

এই সিদ্ধান্তকে সরাসরি আদালতের আদেশ অমান্য হিসেবে উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

হাইকোর্ট এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান, প্রশাসন শাখার অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, মেম্বার (ফিনান্স) মো. শহিদুল আলম, মেম্বার (ইঞ্জিনিয়ারিং) কমোডর কাউসার রশিদ এবং সম্পত্তি বিভাগের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ রায়ান উদ্দিনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে রুল জারি করেন।

রুলে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কর্ণফুলী নদী রক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে একাধিক জনস্বার্থ মামলা চলমান রয়েছে। নদী দখল, ভরাট এবং বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে দেওয়া হাইকোর্টের নির্দেশনাগুলো বাস্তবায়ন না হওয়ায় পরিবেশবাদী ও নাগরিক সমাজের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়ে আসছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *