আদালতে হট্টগোল ও ভাঙচুরের মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে


বরিশালে আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের পর বিএনপি সমর্থিত আইনজীবীদের বিক্ষোভের মধ্যেই তাকে বরিশাল মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান বাচ্চু জানান, গ্রেপ্তারের পর সাদিকুর রহমান লিংকনকে মহানগর হাকিমের দ্রুত বিচার আদালতে উপস্থাপন করা হয়। সেখানে শুনানি শেষে বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও বলেন, এই আদেশের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন আবেদন করা হয়েছে। আদালত ওই জামিন আবেদনের শুনানির জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন।

মোখলেচুর রহমান বাচ্চু অভিযোগ করেন, তারা আদালতে সভাপতির সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চাইলেও আদালত সে অনুমতি দেননি।

আদালতের আদেশের পর একটি প্রিজন ভ্যানে করে সাদিকুর রহমান লিংকনকে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে, সোমবার বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে একটি আদালত জামিন দেন। এই জামিন আদেশের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালত এবং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

বিক্ষোভ শেষে দুপুরের দিকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এস এম শরিয়তুল্লাহ এজলাস ত্যাগ করেন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ঘটনার পর বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মহানগর পুলিশের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরই বুধবার দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখানে পুলিশ, ডিবি, র‌্যাবের সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *