৩য় এনআইএলএস ন্যাশনাল লিগ্যাল ডিবেট চ্যাম্পিয়নশিপে পবিপ্রবি আইন অনুষদের গৌরবজনক সাফল্য


আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের আইন ও ভূমি প্রশাসন বিভাগের বিতর্ক দল “অ্যামিকাস কিউরি (Amicus Curiae)” ৩য় এনআইএলএস ন্যাশনাল লিগ্যাল ডিবেট চ্যাম্পিয়নশিপ (NNLDC) ২০২৬-এ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ লিগ্যাল ডিবেট চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তীব্র প্রতিযোগিতা, উচ্চমানের আইনি যুক্তি ও বিশ্লেষণধর্মী বিতর্কের মধ্য দিয়ে পবিপ্রবির বিতর্ক দল তাদের অসাধারণ দক্ষতা ও প্রস্তুতির পরিচয় দেয়।

পবিপ্রবির পক্ষে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী এ এম রামিম রুহুল উল্লাহ, ৩য় সেমিস্টারের শিক্ষার্থী মোসাদ্দেক হোসাইন জিহাদ এবং সাইমা সুলতানা এলিন। তিনজন শিক্ষার্থীই বিভিন্ন পর্বে তাদের যুক্তিবোধ, আইনগত বিশ্লেষণ ক্ষমতা এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করেন।

চ্যাম্পিয়নশিপজুড়ে ধারাবাহিকভাবে চমৎকার পারফরম্যান্স প্রদর্শনের জন্য দলের সদস্য এ এম রামিম রুহুল উল্লাহবেস্ট ডিবেটার অব দ্য চ্যাম্পিয়নশিপ’ খেতাবে ভূষিত হন। এই স্বীকৃতি পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এক বিশেষ গর্ব ও সম্মানের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন আনুষ্ঠানিকভাবে টিম অ্যামিকাস কিউরি-এর হাতে রানার্স-আপ ট্রফি তুলে দেন।

এই অর্জনের মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে তাদের মেধা, যুক্তিনির্ভর চিন্তাধারা ও আইনি বিতর্ক দক্ষতার শক্ত অবস্থান প্রমাণ করল। বিশ্ববিদ্যালয় পরিবার এই সাফল্যে গর্ব প্রকাশ করেছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়সহ আরও বৃহত্তর সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *