নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর নতুন প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান-কে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগ-এর যুগ্ম সচিব মাহবুবা আইরিন। একই প্রজ্ঞাপনে দেশের আরও পাঁচটি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী-কে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীতে অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তাকে বদলি করে যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

এখন পর্যন্ত আবু নছর আব্দুল্লাহ প্রশাসকের দায়িত্বে রয়েছেন। তবে সাখাওয়াত হোসেন খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণ করবেন।

সাখাওয়াত হোসেন খান সারাদেশে আলোচনায় আসেন নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাতখুন হত্যা মামলার পর। তিনি ওই মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক পরিচিতি পান।

২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন।

পরবর্তীতে ২০১৮ সালে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়া হয়। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রাথমিকভাবে তার নাম মনোনয়নের আলোচনায় থাকলেও পরে বিএনপি আবুল কালামকে চূড়ান্ত করে।

দলীয় সূত্রের দাবি, সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও তাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে মূল্যায়ন করেছে সরকার।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *