গণভোটের প্রচার বাড়াতে প্রতিটি প্রতিষ্ঠানের সামনে দুটি ব্যানার টাঙানোর দাবিতে লিগ্যাল নোটিশ


গণভোটের প্রচার-প্রচারণা ব্যাপকভাবে জোরদার করতে দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠানের সামনে দুটি করে ব্যানার টাঙানোর নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অ্যাডভোকেট মো. কামরুজ্জামান এই লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। নোটিশটি মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ৭ জানুয়ারি তারিখের পত্রের ৩ নম্বর দফা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত গণভোটের ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর লক্ষ্যে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, থানা, হাসপাতাল, এনজিও, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের সামনে দুটি করে বড় ব্যানার টাঙানোর সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।

তবে নোটিশে অভিযোগ করা হয়েছে, উক্ত নির্দেশনা আজ পর্যন্ত যথাযথভাবে প্রতিপালন করা হয়নি। প্রধান উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ বিভাগের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে এর বাস্তবায়নে গাফিলতি ও অনীহা লক্ষ্য করা যাচ্ছে।

নোটিশে আরও বলা হয়, মাঠপর্যায়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর মধ্যে গণভোটের প্রচারণায় অনীহা পরিলক্ষিত হয়েছে। এমনকি, দু-একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গণভোটের বিপক্ষে অবস্থান নিতে দেখা গেছে, যা নির্বাচন ও গণভোটের পরিবেশের জন্য উদ্বেগজনক।

বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, অনেক কর্মকর্তা মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে অবহেলা প্রদর্শন করছেন, ফলে গণভোটের প্রচার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাচ্ছে না।

এই প্রেক্ষাপটে, অবিলম্বে দেশের প্রতিটি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা ও প্রশাসনিক প্রতিষ্ঠানের সামনে নির্ধারিত দুটি করে বড় ব্যানার টাঙানোর নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি লিগ্যাল নোটিশের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *