কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ আদালতের এক সহকারী সরকারি কৌঁসুলি আটক


কুমিল্লা নগরীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আদালতের এক সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) এবং এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও মোট ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নগরের টমছমব্রিজ এলাকায় নিয়মিত তল্লাশিকালে প্রথমে আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবককে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তল্লাশির সময় আরিফুলের মুঠোফোন পরীক্ষা করে অস্ত্র সংক্রান্ত ছবি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, কুমিল্লা আদালতের সহকারী সরকারি কৌঁসুলি কে আই এম মাসুদুল হক ওরফে মাসুম (৫১) এর বাসায় আরও আগ্নেয়াস্ত্র রয়েছে।

আরিফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন এলাকায় মাসুদুল হকের বাসায় তল্লাশি চালায় পুলিশ। অভিযানে তাঁর ওয়ার্ডরোব থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক মাসুদুল হক জামায়াত সমর্থিত আইনজীবী হিসেবে পরিচিত। তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের ছোট ভাই বলে জানা গেছে।

ঘটনাটি নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক বলেন, বিষয়টি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে জেনেছেন। মামলার নথিপত্র পাওয়ার পর সরকারি কৌঁসুলির সঙ্গে আলোচনা করে বিষয়টি আইন মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এরপর এজিপি হিসেবে মাসুদুল হকের দায়িত্ব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র : প্রথম আলো



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *