অধস্তন আদালতের বার্ষিক ছুটিতে পরিবর্তন, জুন-ডিসেম্বরে অবকাশ পাবেন বিচারকরা


এখন থেকে পুরো ডিসেম্বর মাসজুড়ে অধস্তন আদালতে আর বার্ষিক ছুটি থাকবে না। এর পরিবর্তে ডিসেম্বর মাসে ১৫ দিন এবং জুন মাসে ১৫ দিন করে বছরে দুই দফায় এক মাস ছুটি কাটাবেন অধস্তন আদালতের বিচারকরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সভা সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকবে। চলতি বছর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে অধস্তন আদালতে ডিসেম্বর মাসজুড়ে টানা বার্ষিক ছুটি দেওয়া হতো। নতুন ব্যবস্থায় এক মাসের ছুটি দুই দফায় ভাগ করে দেওয়ার ফলে বিচারিক কার্যক্রমে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে একই ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ছয়জন কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

সভা সূত্রে আরও জানানো হয়, সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে।

সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সভায় হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশ নেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *