অ্যাডভোকেটশিপ ভাইভা পরীক্ষার ফল দ্রুত প্রকাশের দাবি শিক্ষানবিশ আইনজীবীদের
গত বছর অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার ভাইভা ফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন অংশ নেওয়া শিক্ষানবিশ আইনজীবীরা।
বুধবার (৪ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাব এ আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
লিখিত বক্তব্যে শিক্ষানবিশরা বলেন, নিয়ম অনুযায়ী প্রতিবছর দুটি তালিকাভুক্তি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। ২০২৩ সালে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ২০২৪ সালে কোনো পরীক্ষা হয়নি। এতে প্রার্থীদের এক বছর অতিরিক্ত অপেক্ষা করতে হয়েছে।
তারা জানান, গত বছরের ২৫ এপ্রিল এমসিকিউ, ২৮ জুন লিখিত এবং ৩০ নভেম্বর ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু ভাইভা শেষ হওয়ার তিন মাস পার হলেও ফলাফল প্রকাশের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট ঘোষণা দেয়নি বাংলাদেশ বার কাউন্সিল।
দীর্ঘসূত্রতার কারণে তারা আদালতে পূর্ণাঙ্গভাবে আইনচর্চা করতে পারছেন না বলে অভিযোগ করেন। তাদের ভাষ্য, পেশাগত পরিচয়হীনতা, আর্থিক সংকট ও মানসিক চাপে দিন কাটাতে হচ্ছে। যে সময়ে তরুণ আইনজীবী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথা, সে সময়ে ফলাফলের অপেক্ষায় অনিশ্চয়তায় থাকতে হচ্ছে।
অতীতে ভাইভা শেষ হওয়ার এক থেকে দুই দিনের মধ্যেই ফল প্রকাশের নজির রয়েছে উল্লেখ করে তারা বলেন, মাসের পর মাস বিলম্ব অযৌক্তিক ও হতাশাজনক। এ পরিস্থিতি শুধু প্রার্থীদের ব্যক্তিগত জীবনেই নয়, ভবিষ্যৎ আইন অঙ্গনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
সংবাদ সম্মেলন থেকে শিক্ষানবিশ আইনজীবীরা সম্মানের সঙ্গে বার কাউন্সিল কর্তৃপক্ষের প্রতি দ্রুত ফল প্রকাশের আহ্বান জানান। কর্মসূচির অংশ হিসেবে তারা বার কাউন্সিল ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।
Source link
tags]
Leave a Reply