প্রশিক্ষণ পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: কক্সবাজারের জেলা জজ
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, কক্সবাজার | বিচারপ্রার্থী সাধারণ মানুষের সেবার মান বৃদ্ধি এবং দেশের বিচার ব্যবস্থার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আদালতের সহায়ক কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে। কক্সবাজারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন সহায়ক কর্মচারীদের ৩ দিন ব্যাপী বিশেষ ইন-সার্ভিস প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান।
গত মঙ্গলবার (১৬ জুন) কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘যেকোন প্রশিক্ষণ পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যা সেবার মানকে অনেক বৃদ্ধি করে।’
সহায়ক কর্মচারীদের দায়িত্বের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে জেলা জজ আরো বলেন, ‘সহায়ক কর্মচারীরা বিচারপ্রার্থীদের সাথে সরাসরি সেতুবন্ধন হিসাবে কাজ করে। এজন্য বিচার বিভাগের সুনাম রক্ষায় সকলকে পেশাদারিত্ব দিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।’
আরও পড়ুন : পারিবারিক আদালতের আদেশ নিয়ে হাইকোর্টে সিভিল রিভিশন চলবে কি না: রায় ২৪ জুন, নির্ধারণ হবে হাজারো মামলার ভবিষ্যৎ
সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আজম বলেন, ‘বিচার বিভাগের প্রতি বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই সহায়ক কর্মচারীদের দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। যাতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরো বৃদ্ধি পায়।’
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের বিশেষ উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী এই ইন-সার্ভিস কোর্সে সহায়ক কর্মচারীদের বিচারিক প্রক্রিয়া, নথিপত্র ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতার বিষয়ে নিবিড় প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম গিয়াস উদ্দিন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সিভিল জজ মোহাম্মদ রুহুল আমিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নূরী, একই আদালতের স্টেনো নেছারুল হক এবং প্রধান তুলনা সহকারী মো: গোলাম সরওয়ারসহ আদালতের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতি প্রশিক্ষণ কোর্সে সফলভাবে অংশ নেওয়া সহায়ক কর্মচারীদের হাতে অফিশিয়াল সনদপত্র তুলে দেন।
Source link
tags]
Leave a Reply