সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট


অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এই রিটে আবেদনকারী হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেনসহ মোট সাতজন আইনজীবী।

জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল এবং ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

রিটের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির। অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ কাঠামো। এ ব্যবস্থাকে বাতিল করা হলে বিচার বিভাগের কার্যকারিতা ও স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠাসংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল করা হয়। বিরোধী দলের আপত্তি নাকচ করে বিলগুলো পাস হয়। এর ফলে বিচারক নিয়োগের জন্য প্রণীত আইন বাতিল হয়ে যায় এবং সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বিলুপ্তির পথ তৈরি হয়।

এই প্রেক্ষাপটে দায়ের করা রিটটি বিচার বিভাগের কাঠামো, প্রশাসনিক স্বায়ত্তশাসন এবং বিচারিক স্বাধীনতা নিয়ে নতুন করে আইনি বিতর্কের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, হাইকোর্টের সিদ্ধান্ত এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *