বার কাউন্সিলের ভাইভা পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮ হাজার ৫৯৯ প্রার্থী


বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য অনুষ্ঠিত ভাইভা পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এখন বাংলাদেশের বিভিন্ন আদালত, ট্রাইব্যুনাল ও রাজস্ব কর্তৃপক্ষের সামনে আইন পেশা পরিচালনার জন্য অন্তর্ভুক্তির যোগ্যতা অর্জন করেছেন।

আজ সোমবার  (১৬ মার্চ)  বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির আদেশক্রমে সংস্থার সচিব জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন সিকদার সই করা এক নোটিশে এ তথ্য জানা গেছে।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছরের ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর এবং চলতি বছরের ১৩ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৮ হাজার ৫৯৯ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের এখন আইন পেশা শুরু করতে তাদের পছন্দ অনুযায়ী সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ নিতে হবে। নোটিশ প্রকাশের তারিখ থেকে ছয় মাসের মধ্যে সদস্যপদ গ্রহণ করতে হবে।

রোলনম্বর অনুযায়ী উত্তীর্ণদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এদিকে প্রয়োজনীয় কাগজপত্র বা সনদ জমা না দেওয়ার কারণে পাঁচজন প্রার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে, অন্যথায় তাদের ফল বাতিল বলে গণ্য হবে।

এছাড়া চাকরিতে নিয়োজিত থাকার কারণে ১৫ জন প্রার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছে। তাদের নিজ নিজ চাকরি থেকে পদত্যাগ করে সরকারি রিলিজ অর্ডার জমা দিতে হবে। নোটিশ প্রকাশের তারিখ থেকে তিন মাসের মধ্যে তা বার কাউন্সিলে জমা দিতে হবে, নচেৎ তাদের ফলাফল বাতিল বলে গণ্য হবে।

অন্যদিকে প্রয়োজনীয় হলফনামা জমা না দেওয়ার কারণে তিনজন প্রার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *