অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর অবকাশকালীন সময়ে জরুরি মামলা নিষ্পত্তির জন্য আপিল বিভাগে দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এ বিষয়ে গত বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫, ১৬, ৩০ ও ৩১ মার্চ সকাল ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি বিষয়াদি শুনানি করবেন।
অন্যদিকে বিচারপতি মো. রেজাউল হক ৭, ৮, ১৫ ও ১৬ এপ্রিল সকাল ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয় শুনানি গ্রহণ করবেন।
এদিকে অবকাশে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্যও অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, বেঞ্চ গঠনসংক্রান্ত প্রধান বিচারপতির সই করা পৃথক আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আদেশ অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল ফিতর, সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ আদালতের অবকাশে ১৩ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য দুই ধাপে মোট ১২টি হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়েছে।
প্রথম ধাপে ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য ৬টি বেঞ্চ গঠন করা হয়েছে। ভিন্ন ভিন্ন বিচারিক এখতিয়ারসম্পন্ন এসব বেঞ্চের মধ্যে ৩টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ রয়েছে।
দ্বিতীয় ধাপে ৫ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য আরও ৬টি বেঞ্চ গঠন করা হয়েছে। এসব বেঞ্চের মধ্যেও ৩টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ রাখা হয়েছে।
Source link
tags]
Leave a Reply