সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তদন্তে ট্রাইব্যুনালের কমিটি


চব্বিশের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যকে জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১০ মার্চ) ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এই ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হয়।

এর আগে সোমবার পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার প্রধান কৌঁসুলির কার্যালয়ে দিনভর দফায় দফায় বৈঠক হয়। ওই বৈঠক থেকেই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত আসে।

প্রধান কৌঁসুলি আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন-

  • প্রসিকিউটর মো. আব্দুস সোবহান তরফদার

  • সদ্য নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রায়হান (মদিনা)

  • প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন

  • ট্রাইব্যুনালের ল রিসার্চ অফিসার সিফাতুল্লাহ

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রসিকিউটর জানান, মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রসিকিউটরদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই তদন্তের জন্য এই কমিটি গঠন করা হয়।

ওই প্রসিকিউটর আরও জানান, সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ ছাড়াও ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আরও কিছু বিষয় কমিটির অনুসন্ধানের আওতায় থাকবে।

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশের সাবেক এসআই শেখ আবজালুল হককে রাজসাক্ষী করা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটিও খতিয়ে দেখা হবে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলোর সার্বিক তদন্ত করবে এই কমিটি।

এর আগে সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, যদি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ তার কাছে আসে, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান কৌঁসুলি আরও বলেন, কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে সামান্যতম অভিযোগ পেলেও তা তদন্ত করা হবে এবং এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *