যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের প্রতি আইনজীবীদের অনাস্থা, আদালত মুলতবি


ভারপ্রাপ্ত দিয়ে জেলা ও দায়রা জজের কার্যক্রম পরিচালনা করায় ক্ষোভে ফেটে পড়েছেন যশোরের আইনজীবীরা। তারা দাবি তুলেছেন ভারপ্রাপ্ত নয়, পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়েই জেলা ও দায়রা জজ নিয়োগ দিতে হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে রোববার (০১ মার্চ) যশোর জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে অসন্তোষ প্রকাশ করেন আইনজীবীরা। এক পর্যায়ে তারা আদালত মুলতবির আবেদন করলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন তা মঞ্জুর করেন।

আইনজীবীদের দাবি, যশোরের জেলা ও দায়রা জজের পদটি দীর্ঘদিন শূন্য থাকায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। তারা আদালতের ভারপ্রাপ্ত বিচারক আইরিন পারভীনের প্রতি আস্থা রাখতে পারছেন না।

আদালত সূত্রে জানা যায়, রোববার দুপুরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের প্রতি অনাস্থা প্রকাশ করেন আইনজীবীরা। তারা তীব্র অসন্তোষ প্রকাশ করলে এজলাসের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এক পর্যায়ে আইনজীবীরা বিচারকের ওপর আনুষ্ঠানিক অনাস্থা প্রকাশ করেন এবং আদালত মুলতবি ঘোষণার আবেদন জানান। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক আদালত মুলতবির ঘোষণা দেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর বলেছেন, আইনজীবীদের অভিযোগ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরীন পারভীন বিচারবিভাগীয় মনোভাব নিয়ে দায়িত্ব পালন করছেন না। এটি নিয়ে রোববার এজলাসের মধ্যে আইনজীবীদের সাথে কথাকাটাকাটি হয়।

আরও পড়ুন : বরিশালে আদালত ভাঙচুর মামলা: ১১ আইনজীবীর জামিন, একজনের আবেদন নামঞ্জুর

তিনি বলেন, বিষয়টি নিয়ে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারকের সঙ্গে আলোচনায় বসা হবে। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের পিপি সৈয়দ সাবেরুল হক সাবু বিষয়টিকে দুই পক্ষের সামান্য ভুল বোঝাবুঝি হিসেবে অভিহিত করেছেন। বিষয়টি নিয়ে দ্রুত সময়ের মধ্যেই মীমাংসা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গত বছরের ২৮ আগস্ট তৎকালীন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম বদলি হন। এর তিনমাস পর ৫ নভেম্বর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন মোহাম্মদ আলী। চলতি বছরের ৫ জানুয়ারি মোহাম্মদ আলীও বদলি হয়ে গেলে জেলা ও দায়রা জজ পদটি শূন্য হয়ে পড়ে।

এরপর থেকেই ভারপ্রাপাপ্ত জজদের দিয়ে জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এটা নিয়েই আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ ভারপ্রাপ্ত জজ দিয়ে কাঙ্খিত সেবা পাওয়া সম্ভব না। কারণ ভারপ্রাপ্ত জজের হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকে না।

ফলে পূর্ণাঙ্গ আইনি সেবা পেতে হলে পূর্ণাঙ্গ জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়ার দাবি জানান আইনজীবীরা।

এরই মধ্যে সম্প্রতি আইরিন পারভীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়ে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। এরপর থেকেই আইনজীবীদের ক্ষোভ আরো বৃদ্ধি পায়।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *