সাবেক পিপি মো. আব্দুল্লাহ আবু ও তার পরিবারের চার সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, তার স্ত্রী মনোয়ারা বেগম এবং দুই সন্তান কাজী আহসান উল্লাহ শিবলী ও কাজী আমরীন সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. আব্দুল্লাহ আবুর বিরুদ্ধে সিএমএম আদালত ও জজ কোর্টের একাধিক বিচারকের সঙ্গে যোগসাজশে গুরুতর অপরাধে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন ভিআইপি আসামিদের জামিন, খালাস, সাজা কমানো ও সাজা মওকুফ করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, এসব অনিয়মের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন এবং সেই অর্থ বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। অভিযোগ সংশ্লিষ্ট এই বিষয়ে বর্তমানে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। এতে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে মো. আব্দুল্লাহ আবু, তার স্ত্রী এবং দুই সন্তানের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন বলে আদালতে আবেদন জানানো হয়।
আদালত দুদকের যুক্তি বিবেচনায় নিয়ে আবেদন মঞ্জুর করে চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।
Source link
tags]
Leave a Reply