বিচারপতি ফারাহ মাহবুব বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত


বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩(২)(ক) অনুযায়ী বিচারপতি ফারাহ মাহবুবকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

গত বছরের ২৪ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯২ সালে জেলা আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট বিভাগে এবং ২০০২ সালের ১৫ মে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

পরবর্তীতে ২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০০৬ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

তিনি সাবেক মন্ত্রী ও প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের কন্যা।

হাইকোর্ট বিভাগের বিচারপতি থাকাকালীন বিচারপতি ফারাহ মাহবুব আজিমপুর কবরস্থান সংরক্ষণ সংক্রান্ত রায়, ধর্ষণের শিকার নারীদের দ্রুত মামলা গ্রহণে নীতিমালা প্রণয়নের নির্দেশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথাগত অধিকার সংরক্ষণ, অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ, প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল শিক্ষকদের চাকরি সরকারিকরণ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা দাখিল বাধ্যতামূলক করা এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিষয়ে ঐতিহাসিক রায়সহ একাধিক আলোচিত রায় প্রদান করে বিচারাঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *