রাজধানীর পাঁচ এলাকায় হর্ন বাজালেই জরিমানা ও কারাদণ্ড, ২৫ জানুয়ারি থেকে কঠোর আইন প্রয়োগ


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান কার্যকর করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, শব্দদূষণ রোধে এসব এলাকায় কঠোর আইন প্রয়োগ করা হবে আগামী রোববার (২৫ জানুয়ারি) থেকে।

ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ। এ লক্ষ্যে ২৫ জানুয়ারি থেকে ডিএমপির ট্রাফিক বিভাগ আইনটি কঠোরভাবে বাস্তবায়ন করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বছরের সেপ্টেম্বর মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং বিমানবন্দরের উত্তর ও দক্ষিণে দেড় কিলোমিটার সড়ক, স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লে মেরিডিয়ান পর্যন্ত অংশকে নীরব এলাকা ঘোষণা করা হয়। একইসঙ্গে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও নীরব এলাকার অন্তর্ভুক্ত করা হয়।

আইন বাস্তবায়নের অংশ হিসেবে সিভিল এভিয়েশন অথরিটির আওতাধীন সড়ক ও পার্কিং এলাকায় নিয়ম ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপির প্রতিনিধিদের সমন্বয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বলেন, আইনটি আগেই ঘোষণা করা হয়েছিল। তবে ২৫ জানুয়ারি থেকে এটি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিন ধরেই রাজধানীতে অতিরিক্ত হর্ন বাজানো নিয়ে জনভোগান্তি ও শব্দদূষণের অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, নীরব এলাকা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীকে স্বস্তি দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *